সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলতে কাজ করছে পুলিশ: আইজিপি

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না উল্লেখ করে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ২০১৩ ও ২০১৪ সালে আন্দোলনের নামে সাতক্ষীরাসহ সারা দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে যারা অকার্যকর করতে চেয়েছিল তারা আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদের শেকড় উপড়ে ফেলতে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাদকের সঙ্গে যদি কোন পুলিশ সদস্য জড়িত থাকেন, তাহলে তাদেরও ছাড় দেওয়া হবে না।
 
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন আইজিপি। সাতক্ষীরা জেলা পুলিশের  আয়োজনে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
তিজাবেদ পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা যাবে না। বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের দাবায়ে রাখতে পারবা না। ঠিক তাই বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না। বাংলাদেশ এখন ২১০০ সালের ডেল্টা প্লানের স্বপ্ন দেখছে- হয়তো আমরা তা দেখে যেতে পারবো না। কিন্তু নতুন প্রজন্ম তা উপভোগ করতে পারবে। এজন্য সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব না। এজন্য জনগণকে এগিয়ে আসতে হবে। 
 
এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারদের নির্দেশনা দিয়ে বলেন, কোন নিরীহ মানুষ যেন পুলিশের দ্বারা হয়রানি না হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ