রাজশাহীর বাঘায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী র্যাব-৫। এর মধ্যে ১১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপর জনকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করেছে পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত রাজশাহী র্যাব ৫-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কয়েকটি গ্রাম থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মোট ১৬ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দী শুনে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ১১ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে তিন হাজার টাকা করে জরিমানা করেন।
তিন মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আড়ানী চকরপাড়া গ্রামের আলাউদ্দিন ও সোহেল রানা, নুরনগর গ্রামের রনি হোসেন, আড়ানী চকরপাড়া গ্রামের মিনা বেগম, কুশাবাড়িয়া গ্রামের সাদেক আলী, বেলগাছি গ্রামের রেজা হোসেন, বারোখাদিয়া গ্রামের সাহার আলী, আরিফপুর গ্রামের কালাম মণ্ডল, বাজিতপুর গ্রামের পিন্টু রহমান, আরিফপুর গ্রামের আসাদুল হক, ও রামপাড়া গ্রামের জাহিদুল ইসলাম।
এ ছাড়াও উপজেলার অমরপুর গ্রামের আব্দুর রহিম, লালপুরের রাধাকান্তপুর গ্রামের আজিজুল হক, আমরপুর গ্রামের কলিম উদ্দিন, ছাতারী গ্রামের কলিম উদ্দিনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ