খুলনায় যুবলীগ নেতাকে মারপিটের অভিযোগে সড়ক অবরোধ

দেনাদারের সঙ্গে থানায় যাওয়ার অপরাধে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেনকে চোখ বেঁধে পিটিয়েছে লবণচরা থানার দুই পুলিশ কর্মকর্তা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর লবণচরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এই অবরোধ চলে। 
 
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু জানান, অর্থ লেনদেন সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার বিকালে লবণচরা থানায় যান শাহিন। সেখানে গেলে এএসআই রাসেল তাকে অকথ্য ভাষায় গালি দেয়। এর প্রতিবাদ করায় এএসআই রাসেল ও এসআই সাঈদ শাহিনকে ধরে চোখ বেঁধে বেদম মারাপিট করে । 
 
এলাকাবাসী জানায়, শাহিনকে মারপিটের খবর পেয়ে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় গিয়ে শাহিনকে চোখ বাঁধা অবস্থায় দেখতে পায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে লবণচরা এলাকার বান্ধা বাজারে সড়ক অবরোধ করে। এতে খানজাহান আলী সেতুর সঙ্গে সড়কটি প্রায় একঘণ্টা বিচ্ছিন্ন থাকে। এ সময় সড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
 
পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। 
 
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, শাহিনকে মারপিট করা হয়নি। তবে সঙ্গে দুই কর্মকর্তার বাকবিতণ্ডা হয়েছে। এছাড়া সড়ক অবরোধের কথা সত্য নয় বলে ওসি দাবি করেন।
 
ইত্তেফাক/নূহু