গুরুদাসপুরে যুগান্তর প্রতিনিধিকে হত্যা চেষ্টার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি দিল মোহাম্মদকে (৫০) হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে থানার অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। মুমূর্ষাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তবে কারা, কি কারণে তার ওপর আক্রমণ করেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
 
হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ রবিউল করিম জানান, সাংবাদিক দিল মোহাম্মদের  বাম চোখের পাশে কেটে গেছে। শরীর জুড়ে আঘাতের ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে।
 
স্থানীয় কয়েকজন সংবাদকর্মী দিল মোহাম্মদের পরিবারের উদ্ধৃতি দিয়ে ইত্তেফাককে বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে দিল মোহাম্মদ মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। থানা থেকে প্রায় ৫০০গজ দূরে  প্রকৌশলী আব্দুল মান্নানের বাড়ির কাছে পৌঁছুলে ৫-৬জন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলো-পাথারিভাবে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় সাংবাদিক দিল মোহাম্মদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।
 
গুরুদাসপুর থানার প্রধান কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা বলেন, ঘটনাটি জেনেছেন তিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু