হূদয় জেতার দিন শেষ, ট্রফির আবেশে ভাসুক দেশ। বহুজাতিক টুর্নামেন্টে পাঁচটি ফাইনাল হারের দুঃখগাথা এখন বাংলাদেশের সঙ্গী। এশিয়া কাপেই ২০১২, ২০১৬ তে দৃষ্টিসীমায় এসেও বুকে জড়ায়নি। ২০০৯ সালে প্রথমবার, চলতি বছরে জানুয়ারি-মার্চে দুই বার ‘হূদয়’ জেতার সান্ত্বনা নিয়ে ঘরে ফিরেছিল বাংলাদেশ দল। ট্রফির অপেক্ষার প্রহর তাই ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। ২২ গজে আজ আরেকবার ট্রফির সন্ধানে নামবে টাইগাররা।
এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
মাশরাফি বিন মুর্তজা বলছেন, বাংলাদেশ এক প্রকার এশিয়া কাপ জিতে গেছে প্রথম ম্যাচেই। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার কাছে তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছে, তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি।’ অধিনায়কের এই অদম্য চেতনাই এবার টুর্নামেন্টে বাংলাদেশের চলার পাথেয়।
পাকিস্তানের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের কনিষ্ঠায় চোট পেয়েছেন মাশরাফি। ব্যান্ডেজ করা আঙ্গুলটার এক্সরেও করাননি। কারণ হাড়ে চিড় দেখা গেলে ইনজুরির ভয় ঢুকে যাবে। মুশফিকের পাঁজরের ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে টেপ।
চোট জর্জর দল নিয়েও শক্তিশালী ভারতের বিরুদ্ধে আজ বাংলাদেশের বড় সুযোগ দেখছেন মাশরাফি। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা অনেক বড় একটা সুযোগ। ফাইনাল তো একটা ম্যাচই। নিজের সেরা দিনটা কাটালে যেকোনো কিছুই হতে পারে। ছেলেরা ভালো অবস্থানে আছে। অবশ্যই তামিম ও সাকিবকে হারানো আমাদের জন্য ভালো কিছু নয়, ওরা আমাদের দলের সেরা দুই পারফরমার। সেটা বলেও বলছি, সর্বশেষ ম্যাচ থেকে ছেলেরা অনেক কিছু শিখেছে। সাকিব খেলবে না জানার পর ওরা নিজেদের সবটুকু দিয়ে লড়েছে।’
টপঅর্ডার ভালো না করায় ব্যাটিং নিয়ে কিছু চিন্তা থাকছেই। অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমাদের ব্যাটিং নিয়ে কিছু চিন্তা আছে। মুশফিক ভালো ফর্মে আছে, মিঠুন ভালো
খেলছে, রিয়াদও ভালো খেলছে। টপ অর্ডার ক্লিক করলে খুব ভাল হবে।’
তবে প্রতিপক্ষ ভারতকেই ফেবারিটের তকমা দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘ভারত আমাদের চেয়ে অনেক ভালো দল। বিশ্বের এক নম্বরও দল। ফেবারিট হিসেবেই এখানে এসেছে। তবে এখনই তো কিছু বলা যায় না। নিজেদের দিনটা ভালো গেলে যেকোনো কিছুই হতে পারে। আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে, শেষ বল পর্যন্ত লড়ে যেতে হবে।’
আজ বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। দল সূত্রের খবর, রুবেল হোসেনকে বসিয়ে খেলানো হতে পারে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে। আর ব্যাটিং অর্ডার বদলে সৌম্যকে সাতে পাঠানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ইমরুল ফিরতে পারেন ওপেনিংয়ে।
বাংলাদেশের ট্রফির স্বপ্ন জয়ে বাধা হয়েছিল ভারতও। ২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে এই ভারতের কাছেই ফাইনালে হেরেছিল মাশরাফির দল। এবার সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেও ভারতের কাছে হারের তিক্ততা রয়েছে। সেসব মাড়িয়ে ট্রফি জয়ের মঞ্চে সেরাটা উজাড় করে দিয়ে চায় টাইগাররা।
এই তো গত জুনে উপমহাদেশের বিশ্বখ্যাত এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তাও শক্তিমত্তায় প্রায় যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকা ভারতকে হারিয়ে।
সালমা-জাহানারাদের জয়ে সেদিন ড্রেসিংরুমে উল্লাস করেছিলেন মাশরাফি-মুশফিকরা। আজ তাদের সামনেই সুযোগ সেই ভারতকে হারিয়ে অধরা ট্রফি জেতার। এবং নতুন ইতিহাস গড়ার।
ইত্তেফাক/নূহু