রাজৈরের দক্ষিণ সীমান্তের পুখুরিয়া কমিউনিটি ক্লিনিকটি পুকুরের ভাঙনের কবলে পড়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। যে কোনো মুহূর্তে ধসে এলাকাবাসীর প্রাথমিক চিকিত্সা ব্যবস্থা হুমকিতে পড়তে পারে। এছাড়া রয়েছে নানা সমস্যা।
কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার সিমা মন্ডল জানান, ভবনে বিদ্যুত্ সংযোগ নেই, প্রয়োজনীয় আসবাবপত্র নেই, নেই বাউন্ডারি ওয়ালও। ভবনের ওয়াল ঘেঁষা রাইস মিলের উচ্চ শব্দে চিকিত্সা ব্যাহত হচ্ছে। বৃষ্টি নামলে ছাদ চুঁইয়ে পানি পড়ে, একমাত্র নলকূপটিও দীর্ঘদিন যাবত্ নষ্ট হয়ে পড়ে আছে এবং বাথরুমের সংযোগ পাইপ ফেটে গেছে। ফলে সেটিও ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে।
জানা গেছে, নিরাঞ্জন বৈদ্য ও তার ভাই নিবারণ বৈদ্যের দান করা ৫ শতক জায়গার উপর ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিকের ভবনটি নির্মিত হয়। এরপর থেকে কয়েক বছর ভবনটি তালাবদ্ধ ছিল। ২০০৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
এদিকে পুকুরের ভাঙনের কবলে পড়ে কমিউনিটি ক্লিনিকটি ধসে পড়ার উপক্রমের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ইত্তেফাক/নূহু