কুকুর আতঙ্কে দিন কাটছে চরফ্যাশনের সর্বস্তরের মানুষের। দিন দিন বাড়ছে কুকুরের সংখ্যা। আর সুযোগ বুঝে কামড়ে আক্রান্ত করছে পথচারীদেরকে। কুকুরের কামড়ে গত ২ দিনে ১৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার কুকুরের আক্রমণে আক্রান্ত হয়েছেন ৬ জন।
তারা হলেন- রাফাইদা, মাছুমা, রাইতা, ফরিদ উদ্দিন,ফরিদা বেগম ও আয়শা বেগম। এর আগের দিন বৃহস্পতিবার কুকুরের কামড়ে ছিয়াম, ইভা, আব্দুল জলিল, মুনমুন, নাজমুন নাহার, রনি, মিন্টু, রিসাত ও রিতু আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৩ সেপ্টেম্বর কুকুরের কামড়ে নুরুল ইসলাম (৭৫) আক্রান্ত হন।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু এবং বৃদ্ধ। তাদের বাড়ি চরফ্যাশন পৌর শহরের ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডে।
তবে চরফ্যাশন সরকারি হাসপাতালের হিসাবে এ সংখ্যা ১৫ জন হলে ও গত ২দিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ জন উপজেলার বিভিন্ন স্থানের পল্লী চিকিৎসকদের চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালে আসা রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে।
চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ জানান, কুকুর নিধনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে তাই দিন দিন কুকুরে সংখ্যা বৃদ্ধি এবং উপদ্রব বাড়লে ও আমাদের কিছু করার নেই।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন কুমার বসাক জানান, হাসপাতালে আপাতত ভেকসিন সরবরাহ না থাকায় আমারা রোগীর স্বজনদের দিয়ে ভেকসিন কিনে এনে তা পুস করছি। তবে ২/১দিনের মধ্যে ভেকসিন সরবার স্বাভাবিক হবে তখন আর রোগীদের বাহির থেকে ভেকসিন কিনতে হবে না।
ইত্তেফাক/বিএএফ