হবিগঞ্জে ৫৮ বস্তা ১০ টাকা কেজির চাল জব্দ

হবিগঞ্জে ১০ টাকা কেজির ৫৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের শহরতলীর লংলা ব্রিজ এলাকা থেকে চাল বোঝাই ট্রাক আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
পুলিশ জানায়, রাত ১১টার দিকে একটি ট্রাক জেলা শহরে যাচ্ছিল। এ সময় লংলা ব্রিজ এলাকায় রাস্তার পয়েন্টে অবস্থান নেওয়া পুলিশ ট্রাকটি থামাতে সিগন্যাল দেয়। ট্রাক চালক ও পাচারকারী পুলিশ দেখে গাড়িটি ফেলে পালিয়ে যায়।
 
পরে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়ার নেতৃত্বে চাল বোঝাই ট্রাক আটক করা হয়। ওই ট্রাক থেকে সরকারি ১০ টাকা কেজির ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। পরে এসব চালসহ ট্রাকটি সদর থানায় হস্তান্তর করা হয়।
 
সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, চাল কোথা থেকে পাচার হচ্ছিল তা সঠিক জানা সম্ভব হয়নি। কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি