হবিগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা

হবিগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ১৪ জনের নাম উল্লেখ করে ৮০/৯০ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিম ও এসআই শাহিদের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের উমেদনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখানে পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত পুলিশের গাড়ি লক্ষ্য করে ৬/৭টি ককটেল ও চকলেট বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
 
এ সময় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২টি ককটেল ও ১০টি চকলেট বোমা উদ্ধার করে। এছাড়াও বিস্ফোরিত ৬টি চকলেট বোমা ও ১টি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
 
সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।
 
ইত্তেফাক/আরকেজি