চট্টগ্রামের কর্ণফুলী থানার বড়উঠান এলাকায় ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ সাগর হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন তার ভাই মো. ইয়াছিন। গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানায় এই মামলা দায়ের করা হয়।
মামলায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মী আলী নুর, আজম, আলী আজগর, ওমর ও শাহ নূরসহ পাঁচজনকে এজাহারনামীয় এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম বলেন, মামুন আল রশিদ সাগর হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার বড়উঠানের শাহ মীরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় মামুনের বন্ধু আজিজ আহত হন। মামুন বড়উঠান এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি