দিনাজপুরে বিরামপুর উপজেলায় রোলার চাপায় হুমায়ূন আহমেদ নয়ন (৩০) নামে রোলার ড্রাইভার নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কাটলা ইউনিয়নে রাস্তা তৈরির সময় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন দিনাজপুরের বিরল উপজেলার মানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
জানা গেছে, কাটলা ইউনিয়নের চৌঘরিয়াতে পাকা রাস্তা নির্মাণের কাজ চলছিল। রোলার মেশিন দিয়ে রাস্তা তৈরির সময় বিপরীত দিক থেকে আসা একটি রিক্সা ভ্যানকে সাইট দিতে গিয়ে রোলারটি রাস্তার পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে রোলারের ড্রাইভার হুমায়ূন আহমেদ নয়ন চাপা পড়ে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ