সাভারে কারখানায় ৪ শ্রমিক অগ্নিদগ্ধ

সাভারে একটি কারখানায় কাজ করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হলে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর যাদুরচর এলাকার নাসির অটোমোবাইল নামক একটি মবিল রিফাইনিং কারখানায় এ ঘটনা ঘটেছে।
 
অগ্নিদগ্ধ শ্রমিক আতাউর, নুর মোহাম্মদ, আতোয়ার ও আমিনুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও করখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কারখানাটিতে শ্রমিকরা পোড়া মবিল রিফাইনের কাজ করছিলো। এ সময় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে ৪ শ্রমিক দগ্ধ হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে অগ্নিদগ্ধ ৪ শ্রমিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/বিএএফ