কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি শুক্রবার এক ঘোষণায় বলেছেন, এখনো অচলাবস্থায় রয়েছে উপসাগরীয় সংকট। তিনি আরো বলেন, গাল্ফ কো-অপারেশন কাউন্সিল(জিসিসি) বর্তমানে ‘পক্ষাঘাতগ্রস্ত’ অবস্থায় রয়েছে। শুক্রবার নিউ ইয়র্কে জিসিসি সদস্যভুক্ত ছয় দেশ, মিসর ও জর্ডানের মধ্যে মার্কিন সমর্থিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শেখ মোহাম্মদ।
শেখ মোহাম্মদ বলেন, যতদিন না কাতারের বিরুদ্ধে সৌদি আরব-নেতৃত্বাধীন অবরোধের কোন সমাধান হচ্ছে, ততদিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে মিত্রতার কল্পনা করছে তা সম্ভব হবে না।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ অর্থায়নের অভিযোগ এনে স্থলপথ, নৌ-পথ ও আকাশপথে অবরোধ জারি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। এই ঘটনা ‘উপসাগরীয় সংকট’ নামে পরিচিত। কাতার তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছে।
নিউ ইয়র্কের বৈঠক নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরণের বৈঠক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদেরকে মিত্রতার গ্রহণযোগ্য প্রমাণ দিতে এই দেশগুলোর মধ্যকার সমস্যার সমাধান নিয়ে কথা বলতে হবে। আজ জিসিসি একটি সম্পূর্ণ পক্ষাঘাতে ভুগছে।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা সত্ত্বেও অবরোধ আরোপকারী দেশগুলো এই সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দেয়নি। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে শুক্রবারের বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত বছর অবরোধ আরোপের পর এটাই এই ধরণের প্রথম বৈঠক ছিল। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর