গৃহকর্তীর নির্যাতনে পাইপ বেয়ে ৫তলা থেকে নামলো ২ গৃহকর্মী শিশু

গৃহকর্তীর চরম নির্যাতনের মুখে রাজধানীর হাজারীবাগের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে বারান্দার রেলিং বেয়ে নেমে পালানোর সময় দুই শিশু গৃহকর্মীকে পুলিশ উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়েছে।
 
এই দুই শিশু গৃহকর্মীর নাম ফাহিমা (১০) ও রুবি (১০)। শুক্রবার সকালে হাজারীবাগ টালি অফিস রোডের এটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
 
শিশু দুটি পাঁচ তলার ফ্ল্যাটের বারান্দার রেলিং ঝুলে চতুর্থ তলা ও পর্যায়ক্রমে দ্বিতীয় তলার ফ্ল্যাটের বারান্দায় চলে আসে। পরে আশপাশের মানুষ দৃশ্যটি দেখে চিৎকার করতে থাকেন। দ্বিতীয় তলার ফ্ল্যাটের বারান্দার রেলিং থেকে তাদের উদ্ধার করা হয়।
 
হাজারীবাগ থানার এসআই ফেরদৌস মিয়া জানান, সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। উদ্ধার করা শিশু রুবির বাবার নাম জয়নাল, বাড়ি ময়মনসিংহের গৌরিপুরে। ফাহিমার বাবার নাম আব্দুর রফিক। বাড়ি কুমিল্লার চান্দিনায়। শিশু দুটির বাসায় খবর দেয়া হয়েছে।
 

ইত্তেফাক/এএম