ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

ইন্দোনেশিয়ার উপকূলীয় পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরো ৩৫০ জন। শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় ওই শহরটিতে সুনামিও আঘাত হেনেছে। 
 
সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায় যে, এক মসজিদ থেকে মানুষ চিৎকার করে পালাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। 
 
উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। 
IMG0
সংস্থার এক মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা এখনো বিস্তারিত তথ্য সম্বলিত কোন প্রতিবেদন পাইনি। উপকূলে অনেক মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। 
 
প্রসঙ্গত, এসব মৃত্যু ভূমিকম্প না সুনামির কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর