হবিগঞ্জে ১৮ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, জামায়াত নেতা আটক

হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার দিবাগত রাতে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় উপজেলা জামায়াতের সভাপতি নজরুল ইসলামকে আটক করা হয়।
 
এদিকে, বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ৮টি পেট্রোল বোমা ও ১০টি লোহার রড উদ্ধার করেছে।
 
পুলিশ জানায়, মাধবপুর উপজেলার খড়কি গ্রামে বিএনপি-জামায়াত গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। এসময় উপজেলা জামায়াতের সভাপতি নজরুল ইসলামকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১০টি সতেজ ককটেল উদ্ধার করা হয়েছে।
 
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। তারা উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার জন্য জমা করেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, উপজেলা কৃষকদল শনিবার সকালে ১নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি সভার আহ্বান করে। সেখান থেকে পুলিশ ৮টি পেট্রোল বোমা ও ১০টি লোহার রড উদ্ধার করেছে। উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি