সিরিয়ায় এস-৩০০ ভূপৃষ্ঠ-থেকে-আকাশে নিক্ষেপণ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ শুরু করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে একথা জানান।
ল্যাভরভ বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরবরাহ শুরু হয়েছে।
প্রসঙ্গত, সিরিয়া ও ইসরাইলের মধ্যে লড়াই চলাকালে ভুলবশত সিরীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ বিমান ধ্বংসের পর সেখানে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্ত নেয় রাশিয়া।
মস্ক জানায়, রুশ বিমানটি ধ্বংস হওয়ার জন্য ইসরাইলই দায়ী। কেননা তারা বিমানটিকে প্রতিরক্ষা ঢাল হিসেবে ব্যবহার করে লড়াই চালাচ্ছিল।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার অসতর্ক হামলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
ল্যাভরভ জানান, ওই ঘটনার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটা বলেছেন, তেমন পদক্ষেপই নেওয়া হবে। আমাদের সেনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নেবো।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরোধীতা সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বল্টন মস্কোর সিদ্ধান্তকে একটি বড় ভুল বলে বর্ণনা করেন।
তিনি সোমবার বলেছেন, আমরা মনে করি সিরীয় সরকারকে এস-৩০০ সরবরাহ করার মাধ্যমে রুশরা বর্তমান উত্তেজনা আরো বৃদ্ধি করবে। আর আমরা আশা করি যে, তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর