মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হামহাম জলপ্রপাতের পানিতে ডুবে নামে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম (২২) কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার খোরশেদ আলমের ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী।
কমলগঞ্জ থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৭ সদস্যের একটি দল শনিবার সকালে পাহাড়ি এলাকার হামহাম জলপ্রপাত এলাকায় পৌঁছে। সেখানে পানি কম থাকাবস্থায় জলপ্রপাতে নেমে গোসল শুরু করে তারা। সকাল ১০টায় আকস্মিকভাবে জলপ্রপাতে পানি ও স্রোত বেড়ে গেলে অন্যরা নিরাপদ স্থানে উঠতে সক্ষম হলেও জলপ্রপাতের এক খাদে ডুবে যান রেজাউল। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবির তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলপ্রাপতে আকস্মিক পানি ও স্রোত বেড়ে গেলে সাঁতার না জানার কারণে রেজাউলের মৃত্যু হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত দেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মুঠোফোনের মাধ্যমে নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/বিএএফ