চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘চর শ্যামাইল’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শনিবার দুপুরের দিকে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১১ জন মাঝি-মাল্লার মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলেও ২ জন নিখোঁজ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাগরে একটি মাদার ভেসেল থেকে ‘চর শ্যামাইল’ জাহাজে লোহার স্ক্র্যাপ লোড করা হচ্ছিল। এক পর্যায়ে মাদার ভেসেলটি অন্য একটি মাদার ভেসেলের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এ সময় দু’মাদার ভেসেলের মাঝখানে থাকা লাইটার জাহাজ ডুবে যায়। লাইটারের থাকা ১১ জন মাঝি-মাল্লার মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলেও ২ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
বন্দরের ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ জানান, আউটারে লোহার স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে বলে জানতে পেরেছি। তবে কিভাবে এবং কেন জাহাজটি ডুবেছে, তা এখনও নিশ্চিত হতে পারিনি।
ইত্তেফাক/বিএএফ