নাটোর সদরে খায়রুন্নাহার নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার চর-লক্ষিকোল গ্রামে এঘটনা ঘটে। পরে দুপুরে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে নাটোর মর্গে পাঠায় পুলিশ। নিহত খায়রুন্নাহার একই এলাকার মৃত এহসান মাস্টারের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, সম্প্রতি হজ পালন শেষে দেশে ফিরেন চর-লক্ষিকোলে নিজ বাড়িতে দুই ছেলের পলাশ ও লিটনের সঙ্গে বসবাস করেন খায়রুন্নাহার। তার বড় ছেলে খাইরুল ইসলাম টিটু আলাদা ভাবে বাস করেন। ঘটনার দিন রাতে লিটন ও তার স্ত্রী শশুর বাড়িতে ছিলেন। শনিবার রাতের খাবার খেয়ে ছোট ছেলে পলাশ ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। এদিকে গভীর রাতে একদল দুর্বৃত্ত পলাশের ঘরের শিকল বাইরে থেকে আটকে দিয়ে খায়রুন্নাহারের ঘরে ঢুকে এবং ঘরের দামি জিনিসপত্র লুট করে নিয়ে যেতে চেষ্টা করে। এসময় খায়রুন্নাহার চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে নাটোর থানার এসআই তারিক বিন খালিদ বলেন, খায়রুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃদ্ধার ঘরের বাইরে থেকে একটি পরিত্যক্ত ব্রিফকেস উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে