সিলেটের দক্ষিণ সুরমায় চুরি হওয়া দু’শ বছরের পুরনো ৩টি মূর্তিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুমন মিয়া দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাজ গ্রামের আলী নূরের ছেলে ও শাল্লা উপজেলার সহদেবপুর গ্রামের বেদন আলীর ছেলে জুয়েল মিয়া।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন জানান, শুক্রবার পৃথক দুটি অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে ৩টি মূর্তিসহ কাঁসার বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। তবে চুরি যাওয়া আরও একটি দুর্গামূর্তি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা যোগেশ ব্যানার্জীর বাড়ির মন্দির থেকে দু’শ বছরের কাঁসা ও পিতলের তৈরি রাধামাধব, কালী ও দুর্গা মূর্তিসহ ৪টি মূল্যবান মূর্তি এবং পূজার পুরনো মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ইত্তেফাক/বিএএফ