ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় রুহুল আমিন ঘুটু (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় শীবগঞ্জ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন পারপুগী এলাকার রশিদুল ইসলামের ছেলে ও ১০ নং জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এ সময় স্থানীয় জনগণ ট্রাক্টরটিকে আটক করে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় প্রায় ২ ঘন্টা ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। পরে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ফায়ার সাভির্সের একটি দল আগুন নিয়ন্ত্রনে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ যাওয়ার রাস্তায় শীবগঞ্জ ডিগ্রি কলেজের সামনে ট্রাক্টরটি অপরদিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রুহুল আমিন নিহত হন। ট্রাক্টরের চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।মোটরসাইকেল চালকের বাসার লোকজন মৃতের লাশ বাসায় নিয়ে যায়। অভিযোগ দিলে পরে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/নূহু