মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সকল মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা। জননেত্রী শেখ হাসিনা আল্লাহর দেওয়া এ পাঁচটি মৌলিক অধিকার সকল মানুষের জন্য নিশ্চিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন । শনিবার বিকেলে আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর স্কুল মাঠে মাজপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এ সময় আরও বলেন, আটঘরিয়ায় এক সময় এক ইঞ্চিও পাকা রাস্তা ছিল না। জননেত্রী শেখ হাসিনা আটঘোড়িয়ার প্রতিটি প্রান্তে পাকা রাস্তা করে দিয়েছেন। এমন কোনো জায়গা নাই যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। আটঘরিয়ায় শতভাগ বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে। পাড়ায়, মহল্লায়, স্কুল, কলেজ, মাদ্রাসা স্থাপনসহ সকল ধরনের উন্নয়নমূলক কাজে জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করেছি। প্রধানমন্ত্রীর উন্নয়নের এই মহাসড়কে থেকে বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান মন্ত্রী।
 
তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তোলার কর্মযজ্ঞকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 
 
মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, আটঘরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, সাকিবুর রহমান শরীফ কনক প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু