কাশফুলের শুভ্রতায় সেজেছে ধরলার পাড়

ধরলা নদীর তীরবর্তী মাঠ জুড়ে কাশফুলের সমাহার। ধরলার তীরে কাশফুলের শুভ্রতায় বিমোহিত এক দঙ্গল ছেলেমেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। শনিবার বিকালে ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর উত্তর পার্শ্বে গিয়ে দেখা গেছে, কাশফুলের বাগানে তরুন-তরুনীসহ বিভিন্ন বয়সের লোকজন কাশবনে ঘুরে বেড়াচ্ছে। কাশের শুভ্রতার সৌন্দর্য্য উপভোগ করছে। 
 
কাশের এ সৌন্দর্য্য যেন শ্রাবণধারা শেষে বাঙালির শুভ্রতার প্রতীক! বাঙালীর হৃদয়ে যেন আনন্দের আশা জাগায় শরতের এই কাশফুল।
 
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ধরলা নদী সংযুক্ত। ধরলার র্তীরবর্তী ইউনিয়নগুলো হল নাওডাঙ্গা, শিমুলবাড়ী, ফুলবাড়ী এবং বড়ভিটা। চারটি ইউনিয়নে ধরলা নদীর তীরে ধু-ধু বালুচরের মধ্যে বিভিন্ন বির্স্তীণ উঁচু জায়গা জুড়ে ফুটেছে সাদা কাশফুল। এ এক অসাধারণ সৌন্দর্য্য। যেন প্রশান্তির আধার! সৌন্দর্য্যপ্রেমী মানুষেরা তাই প্রতিদিন দুর দুরান্ত থেকে মনের একটু প্রশান্তির জন্য ছুটে আসছে কাশবনে।
 
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুলের মধ্যে কাশফুল অন্যতম। বাংলাদেশে সাধারণত তিন প্রজাতির কাশফুল আছে। সমতলে এক প্রজাতি কাশফুল এবং পাহাড়ে দুই প্রজাতির কাশফুল। সমতলের কাশফুলের জনপ্রিয়তা বেশি।  বাংলাদেশের সব নদীর র্তীরে, প্রাকৃতিক জলাশয়ের ধারে বেশি কাশফুল জন্মে। 
 
ধরলার তীরের স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী হাবিবুর রহমান, সবুজ মিয়া, শাকিল, লীজা, হাসি জানান, কাশবনে মজা করতে খুব ভালো লাগে তাদের।
 
ইত্তেফাক/নূহু