সরকারি বাহিনীর পাল্টা অভিযানে আফ্রিকার দেশ শাদে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। খবর আল-জাজিরার।
আল-জাজিরার ওই খবরে বলা হয় প্রথমে বোকো হারামের হামলায় সেনাসহ ৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে ছিলেন, তিনজন বনবিভাগ কর্মকর্তা, একজন কাস্টম কর্মকর্তা ও দুই সেনা সদস্য।
এ হামলার জবাবে পাল্টা অভিযান চালায় দেশটির সামরিক বাহিনী। শাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম বলেন, বোকো হারামের ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, আফ্রিকার এই দেশটিতে প্রায় হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। গত ২২ জুলাই হামলা চালিয়ে ১৮ জন গ্রাম বাসীকে হত্যা করে। এখন পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠীটির তাণ্ডবে কমপক্ষে ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
ইত্তেফাক/এসআর