বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাইশারি ইউনিয়নের থ্রি-স্টার রাবার বাগান এলাকা হতে তাদের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর দাবি নিহতরা ডাকাত দলের সদস্য। তারা হলেন- নাইক্ষ্যংছড়ি বাইশারি এলাকার মোহাম্মদ আনোয়ার প্রকাশ আনাইয়্যা (৩৪), কক্সবাজারের হামিদুর রহমান (২৫) ও বাপ্পি (২২)।
বাইশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম জানান, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে রাবার বাগান বাড়িতে ডাকাতদের মধ্যে শনিবার গভীর রাতে গোলাগুলি হয়। গুলির শব্দ শুনে রাবার বাগানের শ্রমিকরা সকালে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আরো জানান, নিহতরা দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিসহ পার্শ্ববর্তী এলাকায় অপহরণ, চাঁদাবাজি এবং মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। তাদের কারণে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাবার বাগান মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ কেহই তাদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাচ্ছে না।
বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সাংবাদিকদের জানান, রাতে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ডাকাত সর্দার আনোয়ার হোসেন আনাইয়্যাসহ তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয়রা পুলিশকে জানায়। রবিবার সকালে স্থানীয়রা রাবার বাগান এলাকায় লাশ দেখতে পায়। গুলিবিদ্ধ তিন ডাকাতের লাশের পাশ থেকে ৩টি একনলা বন্ধুক, ১টি কাটা বন্ধুক, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ