সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আলী নূর নিহত হয়েছে। মাদক বিরোধী অভিযান চলাকালে আজ রবিবার ভোরে পৌর এলাকার চিলারবাগ গ্রামের বালুর মাঠে এ ঘটনা ঘটে। 
 
এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক শাহীনউল্লা, ইমামুল ইসলাম রিজার্ব কনস্টেবল কাউছার ও বাকি বিল্লাহ আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।নিহত আলী নূর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে। নিহতের লাশ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
 
পুুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের আক্কাছ আলীর ছেলে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে ধরতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।
 
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম পিপিএম বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- মাদক ব্যবসায়ী আলী নূরকে বাড়িমজলিশ এলাকায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক শিকদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আলী নূর ও মাসুদকে ২শ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে আরো মাদক রয়েছে বলে আটকৃতরা জানালে পুলিশ তাদের নিয়ে মাদক উদ্ধারের জন্য পৌরসভার চিলাববাগ বালুর মাঠে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আলী নূরের সহযোগিরা পুলিশের ওপর গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আলী নূর নিহত হয়। নিহত মাদক ব্যবসায়ী আলী নুরের বিরুদ্ধে থানায় ২৫টি মাদক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে