কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক শ্যামল কারাগারে

পুলিশ অ্যাসল্ট মামলায় কেন্দ্রীয় বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। 
 
আজ রবিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজের আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার অস্থায়ী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ মামলার অন্য ৬৫জন আসামির জামিন বহাল রয়েছে। 
 
শ্যামল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী। এর আগে ২০০৮ সালে এই আসনের উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 
 
জেলা বিএনপি সুত্র জানায়, ২০১৫ সালে শ্যামলসহ ৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের এই মামলাটি হয়। মামলায় আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। শ্যামল আদালতে হাজির হবেন বলে সকাল থেকে আদালতে পুলিশ অবস্থান নেয়।   
 
ইত্তেফাক/কেকে