বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা শেষে এক প্রবীণ তার ছেলের সাথে সাভারে যাবেন। উঠেছেন বিআরটিসি বাসে। নারী ও প্রতিবন্ধীদের জন্য বাসে আসন বরাদ্দ থাকলেও দুর্বল, রুগ্ন প্রবীণ ব্যক্তিদের জন্য নেই কোনো আসন বরাদ্দ।
ওই হাসপাতালের ভেতরে ডি ব্লকের দুই লিফটের সামনে লম্বা লাইন। মেডিসিন বিভাগে চিকিত্সার জন্য এসেছেন এক প্রবীণ নারী। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার জো নেই। হুইল চেয়ার চাইতেই, সেখানকার নার্স আর গার্ডরা জানালেন পঙ্গু রোগী ছাড়া কাউকে দেয়া যাবে না।
এমন বাস্তবতায় আজ পহেলা অক্টোবর দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’।
প্রবীণদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারছি না বলে মনে করেন গাজীপুরে দেশের প্রথম প্রবীণ নিবাসের প্রতিষ্ঠাতা খতিব মুকুল। তিনি বলেন, শহর ও গ্রামে প্রবীণের সংখ্যা বাড়ছে। আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর হয়েছে। এই বয়সের দুই থেকে আড়াই কোটি লোক দেশে বাস করছে। কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেশে গড়ে ওঠেনি। গ্রামের দরিদ্র মানুষ এক রকমের চ্যালেঞ্জ, আর শহরের দরিদ্র মানুষ আরেক রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। মধ্যবিত্ত আর ধনীদের আছে অন্য আরেক রকমের চ্যালেঞ্জ। আমাদের প্রেক্ষাপটে আমরা যতই বলি প্রবীণ নিবাস আমাদের দেশের জন্য প্রয়োজন নেই। তারপরও ধনী এবং দরিদ্রের মধ্যে কিছু প্রবীণ আশ্রয়হীন হয়ে পড়ছেন। ১৯৮৭ সালে প্রবীণ নিবাস প্রতিষ্ঠাকালে তখন একজনও প্রবীণ এখানে ছিল না। এখন ৫০০ প্রবীণ বাস করছেন। ১২০০ প্রবীণ বসবাসের উপযুক্ত এই প্রবীণ নিবাস। প্রবীণদের আশ্রয়, চিকিত্সা, বিনোদন প্রভৃতি প্রয়োজন মেটাতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।
জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সের নারী-পুরুষকে প্রবীণ বলে গণ্য করা হয়। ২০১৪ সালে প্রবীণ জনগোষ্ঠীকে ‘সিনিয়র সিটিজেন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। নীতিমালা বাস্তবায়নে কাজ করছে প্রবীণ মঞ্চ বাংলাদেশ। পিকেএসএফও এই মঞ্চের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রথমত: প্রবীণদের জন্য সর্বজনীন অ-প্রদায়ক পেনশন তহবিল গঠন, দ্বিতীয়ত: স্বাস্থ্যসেবা, যানবাহন, আবাসন ও ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে প্রবীণবান্ধব সেবার ব্যবস্থা, তৃতীয়ত: প্রবীণদের ডিমেনশিয়া রোগ বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টি এবং ডিমেনশিয়া রোগীদের উপযুক্ত সেবাদি প্রদানের উদ্যোগ গ্রহণ— ইত্যাদি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে এডভোকেসি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। তা ছাড়া, ১০০টি ইউনিয়নে প্রবীণকেন্দ্র স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, ২০১৩ সালে পিতা-মাতার ভরণ-পোষণ আইন করা হয়েছে। এই আইনও কার্যকর করা হচ্ছে। কিন্তু সমাজে মূল্যবোধ কমে যাচ্ছে,অবক্ষয় হচ্ছে বলে সন্তানরা আর পিতা-মাতার পাশে বৃদ্ধ বয়সে থাকছে না। এ অবস্থায় নীতিমালা আর আইন বাস্তবায়ন করতে পারলে সহায়ক হবে।
প্রবীণ কল্যাণে কাজ করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন ইত্তেফাককে বলেন , ১৯৯৭ সালে ১০০ টাকা করে ৩ লাখ মানুষকে প্রবীণভাতা দেয়া শুরু হয়। এখন ৪০ লাখ লোক ৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন। আইন হচ্ছে, নীতি হচ্ছে, বেসরকারি উন্নয়ন সংস্থা সরকারের সঙ্গে প্রবীণ কল্যাণে কাজ করছে। তারপরও এই উদ্যোগ প্রয়োজনের তুলনায় অনেক কম বলে উল্লেখ করেন সমাজকল্যাণ মন্ত্রী।
ইত্তেফাক/আরকেজি