জামিনে মুক্তি পেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মাউমুন আব্দুল গাইয়ুম জামিনে মুক্তি পেয়েছেন। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তার সৎ-ভাই প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন পরাজিত হওয়ার এক সপ্তাহ পরই তিনি মুক্তি পেলেন।
 
গাইয়ুম ছিলেন মালদ্বীপের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট। গতকাল রবিবার গাইয়ুম ও তার ছেলে ফারিস মামনুনকে মুক্তি দেন রাজধানীতে অবস্থিত দেশটির উচ্চ আদালত।  তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে নতুন করে আপিল করার পরই তারা মুক্তি পান। 
 
ইয়ামিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগে গাইয়ুম ও প্রধান বিচারপতিসহ আরো এক বিচারপতিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়। তাকে ১৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না।
 
গাইয়ুমের বিরুদ্ধে ন্যায়ের পথে বাঁধা সৃষ্টি ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তার মুক্তির পর তার মেয়ে এক টুইটে লিখেন, অবশেষে তারা সবাই বাড়ি ফিরলো। 
তিনি আরো লিখেন, আশা ও দোয়া করি সকল রাজনৈতিক বন্দিরাও শীঘ্রই মুক্তি পাবে। দুঃস্বপ্নের অবসান ঘটেছে, ইনশাআল্লাহ। এতদিন যারা সংগ্রাম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর