নাফটার বদলে নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও কানাডা

নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা নাফটা’র বদলে নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। নতুন ‘ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট’ (ইউএসএমসিএ) চুক্তি অনুসারে, কানাডার দুগ্ধ বাজারে আগের চেয়ে বেশি প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি বাজারে বাড়বে কানাডার আধিপত্য। 
 
উভয় দেশ চুক্তিতে পৌঁছলেও চুক্তিটি নিয়ে যৌথ কোন বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র-কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে নাফটা চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করছিলেন। তবে অবশেষে পরিবর্তনে বদলে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। 
 
মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক যৌথ বিবৃতিতে বলেন, আজ কানাডা ও যুক্তরাষ্ট্র, মেক্সিকোর সঙ্গে মিলে ২১ শতাব্দীর জন্য একটি নতুন, আধুনিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে: দ্য ইউনাইটেদ স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট।
 
বিবৃতিতে আরো বলা হয়, এই চুক্তি আমাদের মজুরদের, কৃষকদের, খামারিদের ও বাণিজ্যকে একটি উন্নতমানের বাণিজ্যিক চুক্তি উপহার দেবে যেটি একটি অধিকতর মুক্ত ও  ন্যায্য বাণিজ্যের সুযোগ করে দেবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। 
 
উল্লেখ্য, সম্প্রতি কানাডা ও মেক্সিকোসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপ করেছে শুল্ক।
 
এদিকে, নতুন চুক্তি নিয়ে তেমন বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এতে , যুক্তরাষ্ট্র ও কানাডার দুগ্ধ ও মোটরগাড়ি বাজারে অপর দেশের প্রবেশাধিকার বৃদ্ধি পাবে বলে জানিয়েছে রয়টার্স। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর