তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করে সাজাপ্রাপ্ত খালেদাসহ অপরাধীদের মুক্তির বিষয়ে দরকষাকষি হবে না।
তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করে সাজাপ্রাপ্ত খালেদাসহ জঙ্গি, রাজাকার, আগুনসন্ত্রাসীদের মুক্তির দরকষাকষির সালিশ বৈঠক হবে না।
আজ সোমবার রাজধানীর মিরপুরে জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণাকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
এ সময় জাসদের মাসব্যাপী জনসভা ও সমাবেশের ঘোষণার পাশাপশি তিনি ঢাকা ১৫ আসন থেকে ১৪ দলীয় প্রার্থী হিসেবে জাসদ নেতা নূরুল আখতারের নাম প্রস্তাব করেন।
রবিবারের বিএনপি’র জনসভা থেকে দেয়া নির্দলীয় সরকার ও খালেদাসহ সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিসহ সাত দফার বিষয়ে হাসানুল হক ইনু বলেন, দীর্ঘ দশ বছর ধরে নির্দলীয় সরকারের কোনো নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দু’দিন আগে সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া নির্দলীয় সরকারের দাবি তোলা আসলে হাওয়ায় ভাসানো কথা বা আকাশের ঠিকানায় লেখা চিঠি যা জনগণ বা সরকার কারো কাছেই পৌঁছাবে না।
জাসদ সভাপতি বলেন, বিএনপি’র দন্ডিত অপরাধীদের মুক্তি আর নির্দলীয় সরকারের দাবি আসলে নির্বাচন বানচালেরই পাঁয়তারা। আর বিএনপি’র নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অর্থই হচ্ছে নাশকতা-অন্তর্ঘাতের শঙ্কা। জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে। বাসস
ইত্তেফাক/কেকে