মার্কিন যুদ্ধজাহাজের পথরোধ করলো চীন

দক্ষিণ চীন সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করতে কাছাকাছি অবস্থান নিয়েছে চীনের একটি ডেস্ট্রয়ার। সোমবার মার্কিন এক কর্মকর্তা চীনের এমন পদক্ষেপকে ‘অনিরাপদ ও অপেশাদারিত্বমূলক’ প্রতিরোধ হিসেবে উল্লেখ করেন। খবর এএফপি ও বিবিসির।
 
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ফ্লীটের মুখপাত্র কমান্ডার নেট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ চীন সাগরের জেভান প্রবালপ্রাচীরের কাছে সামরিক টহল চলাকালে লুয়াং নামে চীনের একটি যুদ্ধজাহাজ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডেকাটুরের দিকে এগিয়ে আসে। যা একটি ‘অনিরাপদ ও অপেশাদারিত্বমূলক’ পদক্ষেপ।
 
চীনের ডেস্ট্রয়ারটি ডেকাটুরের অগ্রভাগের ৪৫ গজের মধ্যে চলে আসে। এ সময় মার্কিন জাহাজ ডেকাটুর সংঘর্ষ এড়াতে কৌশল অবলম্বন করে।
 
এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি বিনা অনুমতিতে ওই এলাকায় প্রবেশ করায় সেটিকে সেখান থেকে চলে যেতে চীনের জাহাজ থেকে সতর্ক করে দেয়া হচ্ছিল।
IMG0
চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই তাদের বলে দাবি করে আসলেও তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া ও ভিয়েতনামও এ সাগরের অনেক অংশ দাবি করে আসছে।
 
বেইজিংয়ের দাবি পুরো স্প্রাতলি তাদের ভূ-খন্ডের অংশ এবং সেখানে তারা অনেক সামরিক স্থাপনা নির্মাণ করেছে।
 
ইত্তেফাক/টিএস