সার্জিও আগুয়েরো ও ডেভিড সিলভার গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হফেনহেইমকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
খেলা শুরুর ৪৫ সেকেন্ডের মধ্যেই গোল খেয়ে বসে ম্যানসিটি। ইসাক বেলফোডিল গোল করে হফেনহেইমকে এগিয়ে নেন। সপ্তম মিনিটে ম্যাচে সমতা ফেরান সার্জিও আগুয়েরো। লরি সেনের কাট ব্যাক থেকে বল পেয়ে তা পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।
তবে সমতা ভেঙে এগিয়ে যাওয়ার সুযোগ যেন আর পাচ্ছিলই না ম্যানসিটি। অপরদিকে হফেনহেইম চেয়েছিল রক্ষণাত্মক খেলা খেলে ম্যানসিটির কাছ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করে নিতে। কিন্তু কাজের কাজ হয়নি।
দ্বিতীয়ার্ধে সেনকে প্রতিপক্ষের বক্সে ফেলে দেয়ায় সিটি পেনাল্টি দাবি করে। তবে রেফারি সেই আবেদনে সাড়া দেননি। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে সিটির পক্ষে জয়সূচক গোলটি করেন ডেভিড সিলভা।
এফ গ্রুপে দিনের অপর ম্যাচে শাখতার দানেৎস্ক এর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিয়ন। এতে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিয়ন। অপরদিকে তিন পয়েন্ট নিয়ে সিটি দ্বিতীয় এবং দুই পয়েন্ট নিয়ে দানেৎস্ক রয়েছে তৃতীয় স্থানে। সবার নীচে থাকা হফেনহেইমের পয়েন্ট এক।
ইত্তেফাক/কেআই