মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় মাস ধরে বাসরত এক সিরীয় শরণার্থীকে সোমবার গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নিষিদ্ধ জায়গায় বাস করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাসান আল কন্তার নামের এই শরণার্থী মার্চ মাস থেকে বিমানবন্দরটির ‘টার্মিনাল টু’-তে বাস করছেন।
আল কন্তার মালয়েশিয়ায় পৌঁছান গত বছরের অক্টোবরে। এর আগে তিনি ১১বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাস করতেন। সিরিয়ার যুদ্ধ ও সামরিক বাহিনীতে কাজ করার বাধ্যবাধকতা এড়াতে দেশ ছেড়েছিলেন তিনি। সামরিক বাহিনীতে কাজ না করায় সেখানে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তা নবায়ন করতে পারেননি কন্তার। কিন্তু দেশে ফিরে গেলে নির্যাতিত হতে পারেন এমন ভয়ে আমিরাতে অবৈধভাবেই বাস করতে থাকেন তিনি।
কন্তারকে ২০১৬ সালে গ্রেপ্তার করে আমিরাত কর্তৃপক্ষ। ২০১৭ সালে তিনি নতুন পাসপোর্ট ব্যবস্থা করতে সক্ষম হন। কিন্তু বিভিন্ন কারণে তাকে আমিরাতে থাকতে দেওয়া হয়নি। তখন তিনি টাকে মালয়েশিয়া পাঠানোর অনুরোধ করেন। কেননা, মালয়েশিয়া হচ্ছে গুটিকয়েক দেশগুলোর একটি যেখানে সিরীয় শরণার্থীদের প্রবেশের সময় ভিসা দেওয়া হয়।
মালয়েশিয়ায় পৌঁছানোর পর তাকে একটি তিন মাসের পর্যটক ভিসা দেওয়া হয়। সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাকে বের করে দেওয়া হয়। কিন্তু তুরস্ক ও কম্বোডিয়া কোন দেশেই তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুনরায় মালয়েশিয়া ফেরত পাঠানো হয়। তখন থেকে তিনি বিমানবন্দরে বাস করছিলেন। -বিবিসি ও আল জাজিরা
ইত্তেফাক/ জেআর