সৌদি থেকে ফেরত এলেন ১৪৪ শ্রমিক

সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন ১৪৪ পুরুষ শ্রমিক। তারা বিভিন্ন সময় দেশটিতে কাজ করতে গিয়েছিলেন। তাদের আকামা ও কাজের অনুমোদন থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 
 
বুধবার বিকাল ৪ টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
 
সৌদি ফেরত শ্রমিকদের শাকিল আহমেদ জানান, তারা কাগজে কলমে ১৪৪ জন ফিরেছেন সত্য। কিন্তু প্রকৃত সংখ্যা আড়াইশর বেশি।
 
বিমানবন্দরে দায়িত্বরত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জনশক্তি জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান আনসারী সাংবাদিকদের বলেন, সৌদি আরব থেকে ১৪৪ পুরুষ শ্রমিক ফিরেছেন। তারা অভিযোগ করছেন, তাদের ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, জেলা জনশক্তি অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে অভিযোগ দিতে।’
 
সৌদি ফেরত শ্রমিকরা শাকিল ইকবাল জানান, তাদের কাগজপত্র থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বুধবার অন্তত ৩০০ জন দেশে ফিরেছেন। বৃহস্পতিবারও কিছু শ্রমিক দেশে ফেরত আসবেন। সৌদি সরকার যাকে পাচ্ছে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও জেলে দিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
 
ইত্তেফাক/এমআই