ভারতে কৃষকদের আন্দোলনের আপাতত সমাপ্তি ঘটেছে। তবে দাবি না মানলে আবার বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কৃষকদের সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ন। মঙ্গলবার রাতেই বিক্ষোভের অবসান ঘটে। খবর এনডিটিভি’র
ব্যাপক বিক্ষোভের পর অবশেষে গতকাল বুধবার সকালেই দিল্লিতে কৃষকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে কৃষকরা ব্যাপক বিক্ষোভ করেন। তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
৩০ কৃষক এবং পুলিশের সাত সদস্য আহত হন। গতকাল কৃষকরা সাবেক কৃষক নেতা ও প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের স্মরণে নির্মিত দিল্লির কিষাণ ঘাটে সমাবেশ করেন। ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) জানিয়েছে, তারা তাদের দাবি সরকারের কাছে উপস্থাপন করেছে। দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে না মানলে আবার আন্দোলন শুরু হবে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১০ দিনব্যাপী কিষাণ ক্রান্তি যাত্রা শুরু করেন কৃষকরা।
বিকেইউ নেতা রাকেশ তিকায়েত বলেন, আমরা সরকারকে কৃষকদের সমস্যা সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছি। কৃষকরা তাদের উদ্বেগ নিয়ে বিক্ষোভ করেছেন। এক্ষেত্রে আমরা সফল। সরকারকে দাবির কথা বলেছি। এখন সরকারের সিদ্ধান্তের বিষয়। দাবি না মানলে আমরা আবার রাস্তায় নামবো।
ইত্তেফাক/আরকেজি