রে জা উ ল ক রি ম খো ক ন
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত হিন্দি সিনেমা ‘কলঙ্ক’-এর জনপ্রিয় আইটেম সঙ ‘ফার্স্ট ক্লাস’-এ নায়ক বরুণ ধাওয়ানের সঙ্গে পারফর্ম করেছেন কিয়ারা আদভানি। তাঁর মনমাতানো নাচ দর্শকদের বেশ আমোদিত করেছে। পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি সময়ের জন্য না হলেও গানটি দারুণ জনপ্রিয় হওয়ায় বিভিন্ন টিভি চ্যানেলে প্রায়ই দেখানো হচ্ছে। ইউটিউবেও গানটির দর্শক সংখ্যা এরমধ্যে রেকর্ড সৃষ্টি করেছে।
বড় বাজেটে নির্মিত তারকাবহুল ‘কলঙ্ক’ সিনেমার একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে কিয়ারা আদভানির পারফর্ম করা ‘ফার্স্ট ক্লাস’ গানটি। কিছুদিন আগে নব্বই দশকের বিপুল জনপ্রিয় গান ‘উর্বশী উর্বশী’র রিমেক ভার্সনের মিউজিক ভিডিওতে শহীদ কাপুরের সঙ্গে কিয়ারা আদভানিকে দেখা গিয়েছিল। সেখানেও তাঁর পারফরম্যান্স সবাইকে আন্দোলিত করেছে। গত বছর নেটফ্লিক্সের বহুল আলোচিত ও বিতর্কিত খণ্ড চলচ্চিত্র ‘লাস্ট স্টোরিজ’-এর একটি খণ্ডে তাকে একজন তরুণী গৃহবধূ মেঘার চরিত্রে দেখা গেছে। আর সেই খণ্ডটির পরিচালক ছিলেন করণ জোহর। সেখানে একজন গৃহবধূর একান্ত ব্যক্তিগত কিছু গোপন অনুভূতি ফুটিয়ে তোলার দৃশ্যে কিয়ারা আদভানির সাহসী পারফরম্যান্স সবাইকে চমকে দিয়েছে। ২০১৪ সালে কমেডি সিনেমা ‘ফাগলি’র মাধ্যমে কিয়ারার অভিনয়ে অভিষেক হয়েছিল। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী কাম মডেলকে বলিউডের সিনেমা ‘এমএস ধোনি :দ্য আনটোল্ড স্টোরি’ ও ‘মেশিন’-এ নায়িকা চরিত্রে দেখা গেছে। এছাড়া গত কয়েক বছরে অনেকগুলো অ্যাডেও মডেল হয়ে সবার নজর কেড়েছেন তিনি। বলিউডের বিখ্যাত অভিনেত্রী জুহি চাওলা সম্পর্কে কিয়ারার ফুপু হন। এছাড়া প্রয়াত অভিনেতা অশোক কুমার ও সৈয়দ জাফরিও তাঁর আত্মীয়। প্রথম অভিনীত সিনেমা ‘ফাগলি’তেই দর্শকদের নজর কেড়েছিলেন কিয়ারা। বলিউডের পাশাপাশি দক্ষিণী-তেলেগু সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেখানে দুটি সিনেমায় এরমধ্যে কাজও করেছেন তিনি। হালে শহিদ কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘কবির সিং’-এর শুটিং শেষ করেছেন কিয়ারা। তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। এ সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল রয়েছে অনেক। সিনেমাটিতে শহিদ কাপুরকে একজন মদ্যপ সার্জনের ভূমিকায় দেখা যাবে। প্রেমিকা তাকে ফেলে অন্য আরেকজনকে বিয়ে করলে হতাশাগ্রস্ত হয়ে নিজেকে ধ্বংস করে দেওয়ার সর্বনাশা পথ বেছে নেয় সে, এমন কাহিনি নিয়ে আবর্তিত সিনেমাটিতে নায়িকা চরিত্রে শুরুতে নতুন মুখ তারা সুতারিয়ার অভিনয়ের কথা ছিল। কিন্তু তারা সুতারিয়া তাঁর ডেব্যু সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ নিয়ে বেশি ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত সিনেমাটি করতে পারেননি। পরবর্তীতে ‘কবির সিং’ সিনেমায় শহিদ কাপুরের প্রেমিকা প্রীতির ভূমিকায় কিয়ারা আদভানিকে নেওয়া হয়। আগামী জুনে এ সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও রোমান্টিক কমেডি সিনেমা ‘গুড নিউজ’-এ অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিত্ দোসাঞ্জের সঙ্গে কিয়ারাকে দেখা যাবে প্রধান একটি চরিত্রে। এখানে তাঁর অভিনীত চরিত্রের নাম মনিকা। করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ সিনেমাটি আসছে আগামী সেপ্টেম্বরে। বলা যায়, করণ জোহরের মতো বলিউডের বিগশট চিত্রনির্মাতার আশীর্বাদপুষ্ট হয়ে কিয়ারা আদভানি চমত্কার সুযোগ পেয়ে চলেছেন, যার সুবাদে ঘরে ঘরে তাঁর জনপ্রিয়তা ও পরিচিতি ছড়িয়ে পড়েছে। হালে ‘এক ভিলেন’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাঁদের দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠভাবে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে বলে জানা যায়।