দুই ভুবনে ব্যস্ত অভিনেত্রী

তা হ মি না  মি লি

 

আমেরিকান সুপারন্যাচারাল হরর ফিল্ম ‘দ্য কার্স অব লা লোরোনা’ মুক্তি পেয়েছে হালে। সাড়া জাগানো হরর মুভি সিরিজ ‘কনজুরিং’-এর ষষ্ঠ কিস্তির এ সিনেমায় দর্শক ভয়ংকর বেশ কিছু ভৌতিক কাণ্ডকীর্তি দেখেছেন। ৯৩ মিনিটের সিনেমাটির নানা বিষয় নিয়ে সমালোচনা ও বিতর্ক হলেও দর্শক লুফে নিয়েছে ‘দ্য কার্স অব লা লোনো’ সিনেমাটিকে। কেউ সিনেমাটির গল্প বর্ণনায় অরুচিকর কিছু বিষয়ের অবতারণার অভিযোগ এনেছেন। তবে বক্স অফিসে সিনেমাটির সাফল্য সহজেই দৃশ্যমান হয়ে উঠেছে। এ সিনেমায় প্রধান নারী চরিত্র ‘আন্না টাটে গ্রাসিয়া’ সবাইকে চমকিত করেছে। আর এ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন হলিউডি অভিনেত্রী লিন্ডা কার্ডেলিনি। হরর ধাঁচের সিনেমায়ও সুঅভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছেন। যা তাঁকে অভিভূত করেছে। ‘এধরনের সিনেমায় ভালো অভিনয় করেও সাধারণত প্রশংসা পাওয়া যায় না, সমালোচিত হতে হয়। আমার সৌভাগ্য যে ‘দ্য কার্স অব লা লোরেনা’ আমাকে সেই দুর্লভ প্রশংসা এনে দিয়েছে। আমার প্রচেষ্টা ও পরিশ্রম সার্থক হয়েছে দেখে দারুণ ভালো লাগছে,’ সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেছেন লিন্ডা কার্ডেলিনি। তাঁকে সবাই ছোটপর্দার বেশ কয়েকটি আলোচিত জনপ্রিয় টিভি সিরিজের অভিনেত্রী হিসেবে বেশি চেনে। এ প্রসঙ্গে ‘ফ্রিকস অ্যান্ড গিকস’-এর লিন্ডসে ওয়াইর, ইআর-এর সামানন্থা টাগার্ট ও ‘ব্লাডলাইন’ সিরিজের মেগ-রেবার্ন চরিত্রগুলোর কথা বলা যায়। ‘ম্যাড ম্যান’ টিভি সিরিজের সিলভিয়া রোজেন চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেছিলেন। এর বাইরে লাইভ অ্যাকশন সিরিজ ‘স্কুবি ডু’-এর ভেলমা ডিংকলি চরিত্রে অভিনয়ের জন্যও তাঁকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। পাশাপাশি হলিউডি সিনেমায় চমত্কার অভিনয়ের মাধ্যমে বড়পর্দাতেও লিন্ডা কার্ডেলিনি ঝড় তুলেছেন। এ প্রসঙ্গে ‘ব্রোকব্যাক মাউন্টেন’-এর ক্যাসি, ‘অ্যাভেঞ্জার্স :এজ অব আলট্রন’-এর লরা বার্টন, ‘গ্রিনবুক’-এর ডলোরেস চরিত্রগুলোয় লিন্ডার মেধাদীপ্ত উজ্জ্বল অভিনয়ের কথা বলা যায়। ‘রিটার্ন’ সিনেমায় অভিনয়ের জন্য ইন্ডিপেনডেন্ট স্ক্রিপ্ট মনোনয়ন লাভ করেন ২০১১ সালে। অভিনয়ের পাশাপাশি হলিউডের বহু অ্যানিমেটেড টেলিভিশন সিরিজে বিভিন্ন চরিত্রের হয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে কার্ডেলিনির জন্ম। সাধারণ এক ব্যবসায়ী পরিবারের মেয়ে দশ বছর বয়সে প্রথম স্কুলের একটি নাটকে অভিনয় করেন। তখন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হলে অভিনয় হাতে কলমে শিখতে নাটকের ক্লাসে অংশ নিতে শুরু করেন। গ্র্যাজুয়েশন শেষে লস অ্যাঞ্জেলসে এসে টিভি ও সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে দৌড়ঝাঁপ শুরু করেন। ছোটপর্দা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল। একের পর এক টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরো পরিপক্ব করে তুলেছিলেন।