স্যার ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই বিরাট কোহালি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১২৩ ইনিংসে ২৪তম শতরানে পৌঁছলেন তিনি। ব্রাডম্যান নিয়েছিলেন মাত্র ৬৬ ইনিংস। তালিকার তিন ও চারে আরও দুই ভারতীয়, শচীন টেন্ডুলকার (১২৫ ইনিংস) ও সুনীল গাভাস্কার (১২৮ ইনিংস)।
আজ শুক্রবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে দেবেন্দ্র বিশুকে শর্ট ফাইন লেগ বাউন্ডারিতে পাঠিয়ে শতরানে পৌঁছান ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শতরানে তার সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)।
পরিসংখ্যান অনুসারে, অধিনায়ক হিসেবে ২৪ টেস্টে এটি কোহলির ১৭তম শতরান। চলতি বছরে টেস্টে এটা তার চার নম্বর শতরান। দক্ষিণ আফ্রিকায় একটি, ইংল্যান্ডে দুটি আর তারপর রাজকোটে এল সেঞ্চুরি।চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এটা অবশ্য তার সপ্তম শতরান।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে বিরাটের যারা প্রতিদ্বন্দ্বী, তাদের সবার চেয়ে টেস্টে শতরানের সংখ্যায় এগিয়ে তিনি। স্টিভ স্মিথ (২৩ শতরান), কেন উইলিয়ামসন (১৮ শতরান) ও জো রুট (১৪ শতরান) পিছিয়ে রয়েছেন বিরাটের থেকে।
ইত্তেফাক/এসআর