৪০ বছরের গর্ত, সরকারের সহায়তায় চার বছরে ভর্তি করেছি: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শতাধিক নেতা-কর্মীর যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চানপুট্রি গ্রামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বিগত ৪০ বছরের গর্ত বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় মাত্র ৪ বছরে জনগণকে সঙ্গে নিয়ে আমি তা ভর্তি করতে সক্ষম হয়েছি। অতীতে ফরিদপুর-৪ আসনটি একটি পরিবারের কাছে জিম্মি ছিল। তারা জনগণকে ও আওয়ামী লীগকে ব্যবহার করে তাদের আখের গুছিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানানোর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য এবং সত্যিকার উন্নয়ন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। 
 
ফরিদপুরবাসীকে উদ্দেশ্য করে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আমার নিরলস পরিশ্রম এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের ভাল লাগে তাহলে আগামীতে আমাকে পুনরায় বিজয়ী করুন। আমি কথা দিচ্ছি যারা আপনাদের সম্পদ লুট করে ধনী হয়েছে এবং যুদ্ধাপরাধীর তালিকায় রয়েছে আপনাদের সঙ্গে নিয়ে তাদের বিচার করব। কোন লুটেরাই পার পাবে না। 
 
তিনি আরো বলেন, আমি এমপি হওয়ার পর ভাঙ্গাতে মাত্র ২৮ ভাগ লোক বিদ্যুৎ এর সুবিধা পেত। এই ৪ বছরে তা ছাড়িয়ে ৭৮ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। কুমার নদীর উপর ব্রিজসহ অসংখ্য ছোট ব্রিজ এবং কালভাটসহ সকল রাস্তা পাকা করতে সক্ষম হয়েছি। শিক্ষার মান বাড়িয়েছি। প্রায় স্কুলেই আজ বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। জমি দখল, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে আমিসহ প্রশাসনকে জিরো টলারেন্স অবস্থায় এনেছি।
 
যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, এই নিক্সন চৌধুরীর জন্ম ফরিদপুর-৪ আসনের ভাগ্যর উন্নয়নের জন্য। তিনি এমপি হয়ে সারা বছর জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচন কয়েকমাস পরই আপনারা প্রতিটি ঘরে ঘরে একজন নিক্সন চৌধুরী হয়ে কুচক্রী মহলকে প্রতিহত করতে তৈরি হউন। বাংলাদেশে সরকার গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই ঠিক তেমনি ফরিদপুর-৪ আসনে আমাদের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমানের কোন বিকল্প নেই। 
IMG0
অপর বিশেষ অতিথি সাবেক ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি এবং সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাষ বলেন, জনগণ আজ বুঝতে পেরেছে কার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব। তাই সত্যিকার বঙ্গবন্ধুর দৌহিত্র জুনিয়র মুজিব আজ আমাদের মাঝে আশীর্বাদ হয়ে এসেছে। বঙ্গবন্ধুকে আপনারা ভালবাসলে নিক্সন চৌধুরীকে ভালবাসতে হবে। যিনি এমপি হয়ে জনগণের কাছ থেকে শোষণ, নির্যাতন করে টাকা রোজগার তো করেন নাই বরং তার বিভিন্ন ব্যবসার অর্থ সব সময় জনগণের কাজে ব্যয় করেন। তিনি আওয়ামী পরিবারের একজন জনপ্রিয় মানুষ হওয়া সত্ত্বেও দীর্ঘ সাড়ে চার বছর ফরিদপুর-৪ আসনের জনগণের সঙ্গে রয়েছেন। নিজের সুখ বিলাসিতাকে বর্জন করে দেশের মধ্যে মডেল আসন হিসাবে ফরিদপুর-৪ আসনকে দ্বার করাতে সব সময় কাজ করে যাচ্ছেন। আজ তার পাশে থাকা আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আগামীতে তাকে পুনরায় বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
 
অ্যাডভোকেট ইকরাম আলী শিকদারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়ন বি-১০৫৫ ভাঙ্গা অঞ্চলের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মাতুব্বর, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের সভাপতি মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ইউসুফ শিকদার, আব্দুল মান্নান শিকদার, প্রফেসর ওয়াজেদ আলী, নিরু খলিফা, নজরুল মাতুব্বর, ইউপি সদস্য নুরু মেম্বার, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, তুজারপুর ইউপি সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র মণ্ডল, আওয়ামীলীগ নেতা মামুন খন্দকার, ভাঙ্গা কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, সোলাইমান মুন্সি সোলাই, হায়াত আলী মোল্লা, আশিকুজ্জামান আশিক, রাজিবুল হাসান বাবু প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ