বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রাজধানী সংলগ্ন ৪টি নদী সংরক্ষণে ৮শ’ ৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ শুক্রবার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন প্রাঙ্গণে নদীর সীমানা পিলার, ওয়াকওয়ে, ইকোপার্ক এবং জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি জানান, চার বছর মেয়াদী এ প্রকল্পের আওতায়, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উচ্ছেদকৃত জায়গা পুনরায় যাতে দখল না হয় সেলক্ষ্যে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) নির্মিত হচ্ছে।
এর পাশাপাশি ৪৪,৭৮৩ মিটার ব্যাংক প্রটেকশন, ১,০০০ মিটার কি-ওয়াল, ১৯টি আরসিসি স্টেপসহ আরসিসি জেটি, তিনটি ইকোপার্ক এবং নদীর সীমানা চিহ্নিতকরণে ১০ হাজার ৮শ’ ২০ টি টেকসই সীমানা পিলার নির্মাণ করা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, ঢাকার চারপাশে নৌপথের দু’তীরে পর্যায়ক্রমে ২ শ’ ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করে রাজধানী ও তৎসংলগ্ন নদীগুলো সংরক্ষণ করা হবে। ২০২২ সালের জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে।
শাজাহান খান বলেন, নদী বাংলাদেশের প্রাণ। নদী হারিয়ে গেলে বাংলাদেশের অস্তিত্ব থাকবেনা। তিনি নদী রক্ষায়, নদী দখল ও দূষণরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইত্তেফাক/এমআই