কোন ম্যাচেই জয় পেল না নারী ক্রিকেট দল

পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-২০ সিরিজে কোন জয়ই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচ পরিত্যাক্ত হওয়ার পর, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হারে তারা। এরপর আজকের (শনিবার) ম্যাচেও হারার ফলে জয়হীন এক সিরিজ শেষ করল নারীরা।
 
কক্সবাজারে আজ সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে তুলে ৭৭ রান। দলীয় ৩২ রানের মাথায় ৫ টি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ নারী দল। সেই চাপ সামলাতে একাই লড়ে যান রুমানা আহমেদ। ৩১ বল খেলে করেন ২৪ রান।  বাংলাদেশের হয়ে অন্য কেউ ভাল ব্যাটিং না পারায় ৭৭ রানেই থামে রানের চাকা। 
  
পাকিস্তান নারী দলের পক্ষে নাতালিয়া পারভাইজ তিনটি, দিয়ানা বাইগ ও সানা মির দুটি এবং আনাম আমিন ও নিদা দার একটি করে উইকেট শিকার করেন।
 
জবাবে খেলতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে পাকিস্তানও। দলীয় ১২ রানের মাথায় ঘটে প্রথম উইকেটের পতন। এরপর ৪৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট। তবে বিপর্যয় থেকে দলকে তুলে আনেন অধিনায়ক জাভেরিয়া খান ও মুনিবা আলি। জাভেরিয়া ২৯ বল খেলে ৩৬ রান তুলে সাজঘরে ফিরেন। এরপর আলিয়া রাজকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন মুনিবা। তখনও পাকিস্তানের হাতে ছিল ৭ উইকেট, ৫ ওভার ১ বল।    
     
বাংলাদেশের পক্ষে সালমা খাতুন, রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাতালিয়া পারভাইজ।
 
ইত্তেফাক/এসআর