ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের জনগণ এখন অনেক ভালো আছে। জনগণ গত দশ বছরের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চায়। দেশকে পুনরায় বিএনপি-জামায়াত জোটের দুর্নীতি-দুঃশাসনের সময়ে ফিরিয়ে নিতে চায় না। বিএনপি এটা বোঝে বলেই নির্বাচনে না এসে ভিন্নভাবে তাদের স্বার্থ হাসিল করতে চায়। এরজন্য তারা শয়তানের সাথেও হাত মেলাতে প্রস্তুত বলে জানিয়েছে। কিন্তু বিএনপি এটা জেনে রাখুক যে, মানুষের শক্তির কাছে শয়তান পরাজিত হবেই।
শনিবার রাজধানীর আরামবাগ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মেনন বলেন, তফসিলও ঘোষিত হবে, নির্বাচনও হবে। কিন্তু বিএনপির আন্দোলন মাঠে নামবে না। আগামী এক মাসে তারা পরিস্থিতির যে পরিবর্তনের কথা বলছে তাও হবে না। বিএনপির উচিত হবে জাতীয় ঐক্যের নামে নামিদামি জনবিচ্ছিন্ন নেতাদের পিছনে না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নেয়া। জনগণ যদি তাদের সমর্থন করে তাহলে নির্বাচনের রায়েই তা বোঝা যাবে।
৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য আবদুর রহিম, সংসদের সংরক্ষিত আসনের সদস্য শিরীন নঈম পুলক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার প্রমুখ।
ইত্তেফাক/এমআই