বিএআরএল’র এক্সিকিউটিভ কমিটির সঙ্গে বিটিআরসি’র মতবিনিময় সভা

বাংলাদেশ এ্যামেচার রেডিও লীগ (বিএআরএল)–এর নব নির্বাচিত এক্সিকিউটিভ কমিটির সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলাটরি কমিশন (বিটিআরসি)-এর তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, পরিচালক লে. কর্নেল মো. আমিনুল হক এবং উপপরিচালক সামিরা তাবাসসুমের মতবিনিময় সভা হয়।  
 
গত বৃহস্পতিবার আইইবি ভবনে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলাটরি কমিশন(বিটিআরসি)-এর কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।  
 
উক্ত সভায় বাংলাদেশ এ্যামেচার রেডিও লীগ (বিএআরএল) এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ দিদারুল হোসাইনের নেতৃত্বে সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. রাশিদুল আলম, সহকারী জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মুকুল হোসেইন, ট্রেজারার মিয়া মোহাম্মদ ফেরদৌস জাহান এ্যাপোলো, আজীবন সদস্য আনোয়ার ইসলাম, সদস্য মোহাম্মদ আলম, মো. আবু হানিফ উপস্থিত ছিলেন। 
 
সভায় বিটিআরসি-এর তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বিজ্ঞান মনস্ক এবং ডিজিটাল বাংলাদেশের রুপায়নে বিএআরএল-এর মতো একটি বিজ্ঞান চর্চাকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বিগত সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবক মূলক কার্যক্রমে বিএআরএল–এর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। 
 
ইত্তেফাক/জেডএইচ