কয়েক সপ্তাহের বিতর্ক শেষে অবশেষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট মনোনীত বিচারক ব্রেট কাভানাহর মনোনয়ন নিশ্চিত করতে ভোট দেবে সিনেট। সিনেটররা তাদের ঘোষিত ইচ্ছা পরিবর্তন না করলে আজীবনের জন্য দেশটির সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কাভানাহ।
বাংলাদেশ সময় রবিবার রাত ১:০০টায় তার মনোনয়ন নিয়ে চূড়ান্ত ভোট দেবে সিনেট। একাধিক যৌন হামলার অভিযোগে কাভানাহর মনোনয়ন নিয়ে সিনেটসহ পুরো যুক্তরাজ্যে ব্যাপক বিতর্কের জন্ম নিয়েছে। তবে এক অভিযোগ নিয়ে এফবিআইয়ের একটি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।
এফবিআইয়ের তদন্তের পর কাভানাহর পক্ষে সমর্থন বেড়েছে শীর্ষ সিনেটরদের। তদন্তের পর কাভানাহর পক্ষে সমর্থনের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স ও ডেমোক্রেট সিনেটর জো মানচিন। তারা দুজনেই শুক্রবার (৫ অক্টোবর) কাভানাহর প্রতি সমর্থন জানান।
এদিকে, চূড়ান্ত ভোটের জন্য অনুমোদন নিশ্চিত করতে একটি ভোটে জয়ী হয়েছেন কাভানাহ। রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট ৫১-৪৯ ভোটে কাভানাহর মনোনয়ন নিশ্চিতকরণ নিয়ে চূড়ান্ত ভোটের জন্য অনুমোদন পায়।
কাভানাহর বিরুদ্ধে অভিযোগ
কাভানাহর বিরুদ্ধে একাধিক যৌন হামলার অভিযোগ রয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা ক্রিস্টিন ব্লেজি ফোর্ড অভিযোগ করেছেন, ১৯৮২ সালে এক পার্টিতে মদপান করে তার ওপর যৌন হামলা চালিয়েছিলেন কাভানাহ। তবে এই অভিযোগ অস্বীকার করেন কাভানাহ। গত সপ্তাহে এ বিষয়ে সিনেটের জুডিশিয়ারি প্যানেলের সামনে সাক্ষ্য দেন তারা।
সাক্ষ্যদানের পর অভিযোগটি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় এফবিআইকে। পাঁচ দিনব্যাপি তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হন কাভানাহ। তবে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, হোয়াইট হাউজ তদন্তের সময়সীমা সীমিত করে দেওয়ায় তদন্তটি অসম্পূর্ণ ছিল।
ফোর্ড ছাড়া ডেবোরাহ রামিরেজ ও জুলি সুয়েটনিক নামের দুই নারী কাভানাহর বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ তুলেছেন। তবে কাভানাহ সকল অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি ও রয়টার্স
ইত্তেফাক/ জেআর