‘তিনি বাতিঘরের মতো পথ দেখাবেন আগামী প্রজন্মকে’

তিনি চলে গেছেন কিন্তু তারপরেও বেঁচে আছেন সৃষ্টিশীলতায়। তার সারাজীবনের সাংবাদিকতার পথচলা বাতিঘরের মতো পথ দেখাবেন আগামী প্রজন্মের সাংবাদিকদের। বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভার বিশিষ্টজন এসব কথা বলেন। 
 
গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় শ্রদ্ধা জানিয়ে গোলাম সারওয়ারকে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৩ আগস্ট সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় গোলাম সারওয়ারের। গোলাম সারওয়ার স্মরণ পরিষদ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। 
 
তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, সাংবাদিক আবেদ খান, নাট্যজন সৈয়দ হাসান ইমাম, সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন মামুনুর রশিদ, ইনাম আহমেদ চৌধুরী, নাট্যজন আতাউর রহমান, কবি হেলাল হাফিজ, কবি কামাল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল. সমকালের প্রকাশক এ কে আজাদ, এইচএসবিসি বাংলাদেশের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। 
 
স্বাগত বক্তব্য রাখেন গোলাম সারওয়ার স্মরণ পরিষদের সদস্য সচিব ও সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিচারপিত শামসুদ্দিন চৌধুরী মানিক, কবি কাজী রোজী এমপি, ঢাবি উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু