এরশাদকে সদর আসন ছেড়ে দেওয়ার আহ্বান

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুর -৩ সদর আসন ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য চৌধুরী খালেকুজ্জামান। 
 
তিনি বলেন, আমরা আশা করবো এরশাদ রংপুর থেকে সরে যাবেন। ঢাকা ১৭ কিংবা অন্য কোথাও থেকে নির্বাচন করবেন। কারণ রংপুরের মানুষ পরিবর্তন চাচ্ছে। নৌকাকে চাচ্ছে, শেখ হাসিনাকে চাচ্ছে। 
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে নৌকাকে বিজয়ী করা লক্ষে শনিবার এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন চৌধুরী খালেকুজ্জামান। 
 
তিনি বলেন, রংপুরবাসী বৃহত্তর রংপুরাঞ্চলে রেলের কথা ভাবি, রেল স্টেশন আমাদের যে অবস্থা, আমরা রেল পাচ্ছি না ঠিকভাবে, গ্যাস পাচ্ছি না। আমাদের এখানে চার লেন নেই এখনো টাঙ্গাইল এ্যালেঙ্গায় পরে আছে। আমাদের তিস্তা পানির সমস্যাই থেকে যাচ্ছে, আমাদের উৎপাদিত কাঁচা সামগ্রী ও ফসলের দাম ঠিকভাবে পাচ্ছি না। সব মিলিয়ে যেন এক ধরনের হতাশা কাজ করছে। 
 
চৌধুরী খালেকুজ্জামান বলেন, আমার তো সুযোগ আছে, নেত্রীর কাছে উপযুক্ত লোক আছে, সৎযোগ্য লোক আছে, নৌকার প্রার্থী দরকার। আমরা আওয়ামী লীগের যদি নির্বাচন করি, রংপুর-৩ আসনে অবশ্যই বিজয় ছিনিয়ে আনবো। 
 
জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করুন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।
 
ইত্তেফাক/জেডএইচ