জাতীয় জাদুঘর মিলনায়তনে গোলাম সারওয়ার নাগরিক শোক সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, দৈনিক সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওযার সাংবাদিকতাকে সাহিত্যে উন্নীত করেছেন। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক শোক সভায় রাজনীতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকারসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনেকে প্রয়াত গোলাম সারওয়ারের বহুমাত্রিক গুণাবলীর কথা আলোচনা করেন। ড. আতিউর রহমান আরো বলেন, সদা স্মিতহাস্য গোলাম সারওয়ার ছিলেন একজন নিপাট ভালোমানুষ, জুনিয়র সাংবাদিকদের শিক্ষক, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় ভাস্বর, সত্যিকারের পেশাদারি একজন উঁচু মাপের সাংবাদিক এবং গুণমানের সম্পাদক। সংস্কৃতির অঙ্গনেও তিনি ছিলেন সদা সংযুক্ত। তার সম্পাদনার গুণে সমকাল আজ সমকালীন সময়কে উত্তীর্ণ করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তিনি নেতিবাচক সাংবাদিকতাকে প্রশয় দিতেন না। বরং বাংলাদেশের সাফল্যের গল্প তার হাত ধরে সমকালে উজ্জ্বলভাবে স্থান করে নিত। এভাবেই তিনি আমাদের সমাজের আশার ক্ষেত্রকে প্রসারিত করেছেন।
ইত্তেফাক/নূহু