ইত্তেফাক রিপোর্ট
আগামী বাজেটে স্টিল শিল্পে বিদ্যমান ট্যারিফ ব্যবস্থায় ভ্যাট রাখার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগেরও প্রতিবাদ জানান। তারা জানান, ট্যারিফ ব্যবস্থা অনুযায়ী বিদ্যমান হারের বাইরে ভ্যাট আদায় করার সিদ্ধান্ত নেওয়া হলে এ স্টিলের সব পণ্যের দর বেড়ে যাবে। এতে ক্রেতা ও উদ্যোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মানোয়ার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, বাংলাদেশ রি-রোলিং মিলস্ এসোসিয়েশন এবং বাংলাদেশ স্টিল মিল ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহিদউল্লাহ। এ সময় বলা হয়, বিদ্যমান ট্যারিফ প্রথার পরিবর্তে নতুন ভ্যাট আরোপ করা হলে রডের মূল্য টন প্রতি প্রায় ৯ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে টন প্রতি ৪ হাজার টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পাবে।
যে কোনো পণ্যের বিক্রিত মূল্যের বদলে পণ্যের ওজন কিংবা যে কোনো এককের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ভ্যাট হিসেবে প্রদান করার ব্যবস্থাটি ট্যারিফ ভ্যালু হিসেবে পরিচিত। বর্তমানে বেশকিছু নিত্যপণ্যের ভ্যাট ট্যারিফ ভ্যালু’র ভিত্তিতে পরিশোধ করা হয়। আগামী জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইনে ট্যারিফ ভ্যালু ব্যবস্থাটি বাতিল হওয়ার কথা রয়েছে।